বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, সেনাসদস্যরা উপদ্রুত এলাকায় হাজার হাজার বালুর ব্যাগ সরবরাহ করছেন। উভচর যান ব্যবহার করে বিভিন্ন বাড়ির ছাদ থেকে বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কাজ করছেন।
ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের কারণে কুইন্সল্যান্ডের উত্তর–পূর্বাঞ্চলীয় টাউনসভিল নগরীর হাজার হাজার বাসিন্দাকে বিদ্যুৎ ছাড়াই থাকতে হচ্ছে। পানিতে তাদের ঘরবাড়ি ভেসে গেছে। এ অবস্থায় কুমিরের আক্রমণের কথাও ভাবতে হচ্ছে তাদের। টাউনসভিল কর্তৃপক্ষ জানায়, বন্যাবিধ্বস্ত অঞ্চলে নোনা পানির বেশ কয়েকটি কুমির দেখা গেছে।
অস্ট্রেলিয়ার গ্রীষ্মমণ্ডলীয় উত্তরাঞ্চলে এই সময়ে বর্ষা মৌসুমে সাধারণত ভারী বৃষ্টিপাত হয়ে থাকে। তবে কয়েক দিন ধরে শহরটিতে বৃষ্টিপাতের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এতে রোজ নদীর বাঁধ পানি ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে। পরিস্থিতি মোকাবিলায় বাঁধের সব দরজা খুলে দেয় কর্তৃপক্ষ।
কর্মকর্তারা বলছেন, বন্যার কবলে ২০ হাজার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যেতে পারে। এতে মানুষের জীবন ও সম্পদ ঝুঁকির মুখে পড়েছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Comments